জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্ত থেকে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাহাড়ের গহিনে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন জয়নাল আবেদীন। সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তার কোনো সন্ধান মেলেনি। আজ শনিবার সকালে পুনরায় খোঁজাখুঁজি করার সময় সোমনাথ পাড়া এলাকায় তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির পাল প্রায়ই সীমান্ত এলাকায় তাণ্ডব চালায়। ধারণা করা হচ্ছে, লাকড়ি কুড়ানোর সময় হাতির কবলে পড়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন