রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতর চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলা সদরে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-রংপুর মহাসড়কের উড়ালসেতুর নিচে সমাবেশে মিলিত হয়। এতে কয়েক শ নেতাকর্মী অংশ নেন।
মিঠাপুকুর উপজেলা যুবদলের সভাপতি বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম (নিক্সন পাইকার), জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান, বিএনপি নেতা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, মসজিদ পবিত্র স্থান এবং ইবাদতের জায়গা। সেখানে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামী রাজনৈতিক সভা ও প্রার্থী ঘোষণা করে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত না হতে এবং ‘ধর্মীয় লেবাসধারী’দের বর্জন করার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন মাগরিবের নামাজের পর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে আসবাব নিয়ে দলীয় সভা করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সেখানে ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের নেতা মনোহর বাদশার নাম ঘোষণা করা হয়। সভায় উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন