ইতালির রাজধানী রোমের অদূরে একটি বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় (২৬ জুন) শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন বাবুল (৪০), তার স্ত্রী আরজু বেগম (৩৮) ও পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এই ঘটনায় কামালের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিনের স্বজন আফনান হোসেন নাইম জানান, শুক্রবার রাতে কয়েকজন দুর্বৃত্ত কামালের ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারা কামাল, তার স্ত্রী ও শিশু সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় কামালের বড় ছেলে অয়ন বাইরে থেকে ঘরে ঢোকার সময় বিষয়টি টের পান। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অয়নকেও কুপিয়ে জখম করে। অয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে সুদূর ইতালিতে পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবর গ্রামের বাড়ি কোম্পানীগঞ্জে পৌঁছালে সেখানে শোকের মাতম শুরু হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। বিদেশের মাটিতে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন তাঁরা।
আপনার মতামত লিখুন