নওগাঁয় এক বাস চালককে মারধর এবং বাস কাউন্টারে ভাঙচুরের অভিযোগে জেলা ছাত্রদলের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানায় মামলাটি করেন ভুক্তভোগী বাস চালক আনোয়ার হোসেন। মামলার আসামিদের মধ্যে অজ্ঞাতনামা আরও ৭-৮ জন রয়েছেন।
মামলার আসামিরা হলেন-নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ (৩০), জেলা প্রচার দলের সহসভাপতি আবদুর রউফ (৩৬), আলী হাসান অন্তর (৩৬) ও মো. রিংকু (৩২)।
এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে বাস ঘোরানোর সময় একটি অটোরিকশার সঙ্গে সামান্য বাগ্বিতণ্ডা হয়। এর জেরে স্থানীয় কিছু যুবক ও বহিরাগত দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে বাস চালক আনোয়ার হোসেনকে মারধর করেন। হামলাকারীরা লাঠি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষা করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মারধরের পর হামলাকারীরা ‘একতা বাস’ কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং চালকের পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে চলে যান।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মারধরের শিকার বাস চালক মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এদিকে চালককে মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নওগাঁর সঙ্গে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটসহ সব রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় আট ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়।
আপনার মতামত লিখুন