নরসিংদীর বেলাবোতে সাত বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে ইমরান মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।
গ্রেপ্তার ইমরান রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। এ ঘটনায় মঙ্গলবার রাতেই শিশুটির মা বাদী হয়ে বেলাবো থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় আরেক শিশুর সঙ্গে খেলছিল। এ সময় চালক ইমরান তাদের খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে নেন। পরে হোসেননগর গ্রামের মিলন মার্কেট সংলগ্ন একটি বেগুনখেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান তিনি। শিশুটি চিৎকার করার চেষ্টা করলে ইমরান তার মুখ চেপে ধরেন। একপর্যায়ে শিশুটি ইমরানের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ইমরানকে ধরে গণপিটুনি দেন এবং তার অটোরিকশাটি জব্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে এই ঘটনার প্রতিবাদ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বেলাব উপজেলা মহিলা পরিষদের সাংগঠনিক জেলা শাখা।
বেলাবো থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শিহাব বলেন, শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ইমরানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন