কিশোরগঞ্জের করিমগঞ্জে পাওনা মাত্র তিন হাজার টাকা দিতে না পারায় রাসেল মিয়া (৩০) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের কুতুব উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর গ্রামের প্রবাসী সাইদুর রহমানের কাছ থেকে কিছুদিন আগে ব্যাটারি দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নিয়েছিলেন ব্যবসায়ী রাসেল মিয়া। কিন্তু নির্দিষ্ট সময়ে ব্যাটারি বা টাকা-কোনোটাই ফেরত দিতে পারেননি তিনি। এ নিয়ে ক্ষোভ থেকে সোমবার সকালে সাইদুর রহমান ও তার লোকজন রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে সাইদুরের বাড়িতে আটকে রেখে নির্মমভাবে পিটুনী দেওয়া হয়।
একপর্যায়ে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাইদুর রহমান নিজেই থানায় খবর দিয়ে পুলিশ ডেকে আনেন এবং আহত অবস্থায় রাসেলকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পৌরসভার আনন্দ বাজার এলাকায় পৌঁছালে রাসেলের মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বিলাপ করতে করতে বলেন, ‘মাত্র তিন হাজার টাকার জন্য আমার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওরা পশুর মতো পিটিয়ে মেরে ফেলল। সাইদুর রহমান আর তার সাঙ্গোপাঙ্গরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন রাসেলের দুই সন্তান আর স্ত্রীর কী হবে?’
খবর পেয়ে কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ জড়িতদের গ্রেফতারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন