মাদারীপুর সদরে একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) বিকেল পাঁচটার দিকে উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার সোহেল রানা (৫৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি দল মোবারকদি এলাকার একটি সরু রাস্তায় অবস্থান নেয়। সেখানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১১০ কার্টন নকল সিগারেট উদ্ধার করা হয়। এর মধ্যে ‘ফিফটি ফিফটি’ ব্র্যান্ডের ১০৫ কার্টন এবং ‘ওসাকা’ ব্র্যান্ডের ৫ কার্টন সিগারেট রয়েছে। পরে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেন যে সিগারেটগুলো নকল।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এই চালানের মাধ্যমে সরকারের প্রায় ৫৩ লাখ ৪৬ হাজার টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল।
ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল সিগারেট বোঝাই পিকআপ ভ্যানটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
আপনার মতামত লিখুন