সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু ও শিক্ষক নিয়োগের দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী বরাবর পৃথকভাবে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে শিক্ষার্থীরা টানা ১০ দিন ধরে একই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত হাসপাতাল ভবনটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে কলেজে ছয়টি ব্যাচের বিপুলসংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত। হাসপাতাল চালু না থাকায় তারা ক্লিনিক্যাল শিক্ষা ও সরাসরি রোগীদের সংস্পর্শে কাজ শেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকেরও তীব্র সংকট রয়েছে, যা তাদের নিয়মিত পাঠদানকে ব্যাহত করছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত বছরের ১৫ এপ্রিল একই দাবিতে তারা মানববন্ধন করেছিলেন। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টানা ১০ দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করার পরও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না জানানোয় তারা আজ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দ্বারস্থ হয়েছেন।
স্মারকলিপি প্রদান শেষে কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষক সংকট নিরসন করে মানসম্মত চিকিৎসাশিক্ষা নিশ্চিত করা। হাওরাঞ্চলের অসহায় মানুষ যেন উন্নত চিকিৎসাসেবা পান, সেটিও আমাদের মূল দাবি।’
স্মারকলিপি প্রদানকালে পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, চতুর্থ বর্ষের শাহপরান ভুইয়া, তৃতীয় বর্ষের মোহাম্মদ এহসানসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন