সংবাদ

ওটিটি

ভালোবাসার নতুন গল্পে আবারও ইয়াশ-তটিনী

ছোট পর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। দর্শকের পছন্দের এই জুটিকে নিয়ে নতুন একক নাটক নির্মাণ করেছেন নির্মাতা ইমরাউল রাফাত। নাটকটির নাম ‘কাবিননামা’।ইয়াশ-তটিনী জুটি এরই মধ্যে রেকর্ডসংখ্যক নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। তাদের জুটি নিয়ে দর্শকের আগ্রহের কারণে নির্মাতারাও একের পর এক নাটকে তাদের একসঙ্গে হাজির করেছেন। তবে গত কয়েক মাস এই জুটিকে নতুন কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি। সর্বশেষ ‘ভালোবাসার গল্প’ নাটকে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটাতেই আবারও ইয়াশ-তটিনীকে জুটি করে ‘কাবিননামা’ নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর আগে এই নির্মাতার ‘ভালো থেকো’ নাটকেও একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। নতুন নাটকটিতে ইয়াশ-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম, এস এইচ মামুনসহ আরও অনেকে।‘কাবিননামা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ইমরাউল রাফাত নিজেই। রোমান্টিক গল্পের এই নাটক প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘দর্শকের ভালো লাগা-মন্দ লাগার বিষয়টি মাথায় রেখেই নির্মাতারা জুটি গড়েন। দু-তিনটি নাটকে অভিনয়ের পর থেকেই তটিনী ও আমাকে নিয়ে দর্শকের কৌতূহল বেড়ে গিয়েছিল। তাই নির্মাতারাও আমাদের নিয়ে একনাগাড়ে কাজ করে গেছেন। একের পর এক নাটক দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ায় জুটি হিসেবেও আমরা প্রতিষ্ঠা পেয়েছি। যেহেতু দর্শকের জন্যই অভিনয়জীবন বেছে নেওয়া, তাই চেষ্টা করে যাচ্ছি তাদের ভালো লাগাকে প্রাধান্য দিতে।’জুটি হিসেবে ইয়াশের সঙ্গে কাজের বিষয়ে তটিনীও আশাবাদী। ‘কাবিননামা’ প্রসঙ্গে তিনি জানান, নাটকের গল্পে দর্শক বাস্তব জীবনের ছায়া খুঁজে পাবেন। চরিত্রগুলোও দর্শকের কাছে পরিচিত ও কাছের মানুষের মতো মনে হবে। ফলে নাটকের প্রতিটি ঘটনা দর্শকের মনে ছাপ ফেলবে বলে বিশ্বাস তার। নির্মাতা ও প্রযোজক জানিয়েছেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান ক্যাপিটাল ড্রামা’র ইউটিউব চ্যানেলে ‘কাবিননামা’ দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

ভালোবাসার নতুন গল্পে আবারও ইয়াশ-তটিনী