বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সাইয়ান (১৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা একটার দিকে উপজেলার সাদা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইয়ান চট্টগ্রামের আন্দরকিল্লার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দুপুরে লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন সাইয়ান। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এলাকাটি দুর্গম হওয়ায় এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধারকাজের সব তথ্য পেতে দেরি হচ্ছে। উদ্ধারকারী দল ফিরে এলে বিস্তারিত জানা যাবে।