সংবাদ

ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ জন

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাস বানিয়াচোঁ এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে এবং বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।\ 

ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ জন