চাঁদপুরের শাহরাস্তিতে ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ‘নিউ লাইফ হাসপাতাল’ ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার স্বপ্না ২০২৪ সালে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ‘কলসি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুন নাহার পেশায় বিউটিশিয়ান ছিলেন এবং খিলা বাজার এলাকায় একটি পার্লার পরিচালনা করতেন। মাত্র চার দিন আগে তার বর্তমান স্বামী পরিচয় দিয়ে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। সোমবার সকালে ঘর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে স্বপ্নার মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন।
ভবন মালিক মেহেদী হাসান জানান, স্বামী-স্ত্রী পরিচয়েই তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। চার দিন যেতে না যেতেই এমন ঘটনায় ভবনের অন্য ভাড়াটেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পারিবারিক জীবনে নাজমুন নাহারের একাধিক বিয়ে হয়েছিল বলে তার স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
আপনার মতামত লিখুন