সংবাদ

টেকনাফে কোটি টাকার ‘আইস’ ফেলে পালালো কারবারিরা

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা এই মাদকের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় এ অভিযান চালানো হয়।র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্প (সিপিসি-১) সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল যে একদল মাদক কারবারি শাহপরীর দ্বীপের একটি ফাঁকা জায়গায় মাদক কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই ব্যাগ তল্লাশি করে ১ কেজি ওজনের ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর গায়ে ‘GUANYINWANG’ লেখা ছিল।র‍্যাবের দাবি, উদ্ধার করা এসব প্যাকেটে মোট ৩ কেজি অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে আইসসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধার করা মাদক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

টেকনাফে কোটি টাকার ‘আইস’ ফেলে পালালো কারবারিরা