কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৮ হাজারটি ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম সফিউল আলম (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়ক সংলগ্ন ওয়াজেদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই অটোরিকশার আরোহী সফিউলের কাছ থেকে ৮ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশা ও দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।