সংবাদ

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারাদেশে উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্‌যাপন করেন দলটির নেতাকর্মীরা।কুড়িগ্রাম : কুড়িগ্রামে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়।নওগাঁ : ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এতে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুসহ শীর্ষ নেতারা অংশ নেন। বক্তারা তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।খাগড়াছড়ি : খাগড়াছড়িতে মৎস্য পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভোলা : ভোলায় জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের কালীনাথ রায়ের বাজার এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলায় আয়োজিত কর্মসূচিতে ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম অংশ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।গাজীপুর : গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল র‍্যালি বের করা হয়। বৃষ্টি উপেক্ষা করে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি এবং রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। র‍্যালিটি জয়দেবপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।নরসিংদী: নরসিংদীতে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন এমপির নেতৃত্বে বিশাল আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে পলাশ উপজেলায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এমপি। শিবপুরে সংসদ সদস্য মঞ্জুর এলাহী এবং মনোহরদী ও বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রায়পুরায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে পৃথক সভা অনুষ্ঠিত হয়।গাইবান্ধা : গাইবান্ধায় জেলা বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। তিনি বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো।পাবনা : সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।জামালপুর : জামালপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘৬ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান উপস্থিত ছিলেন।দৌলতপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন তুলে ধরেন।ভৈরব (কিশোরগঞ্জ) : কুলিয়ারচরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য শরীফুল আলমের নেতৃত্বে বিশাল র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির শত শত নেতাকর্মী ব্যানার ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বাস স্টেশন এলাকা থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমানসহ হাজার হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওরে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে আনন্দ র‍্যালি বের করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হন। র‍্যালিটি ঘিওর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।লালমোহন (ভোলা) : লালমোহনে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের দীর্ঘ সংগ্রাম ও ঐতিহ্যের কথা স্মরণ করেন।শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে শহরে বিশাল শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মহসিন অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।বালিয়াকান্দি (রাজবাড়ী) : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সংসদ সদস্য হারুনুর রশীদ হারুনের উপস্থিতিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন। পরে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ র‍্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারের উন্নয়নমূলক কাজে বাধা না দিয়ে বরং ভুলগুলো ধরিয়ে দিতে হবে। র‍্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে বাগমারা গিয়ে শেষ হয়।কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশে হুইপ নিজান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আজ প্রধান শক্তিতে পরিণত হয়েছে।শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুরে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও করতোয়া নদীর পাড়ে বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে প্রতিবন্ধী যুবকদের মাঝে ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়। দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত