পাহাড়ের পর্যটনে নতুন মাত্রা যোগ করতে খাগড়াছড়িতে চালু হলো দেশের অন্যতম দীর্ঘ জিপ লাইন ও জায়ান্ট সুইং। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হর্টিকালচার পার্কে এসব বিনোদনমূলক রাইড ও কিডস জোনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রাইড উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ‘পর্যটন কেন্দ্রগুলোতে আধুনিক রাইড সংযোজনের ফলে খাগড়াছড়ির অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এতে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে।’
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানান, পর্যটকদের শারীরিক ও মানসিক বিকাশের কথা চিন্তা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পার্কটিকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনের পরপরই পর্যটকদের নতুন এসব রাইডে চড়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। আয়োজকেরা জানান, এটি দেশের অন্যতম দীর্ঘ জিপ লাইন, যা পর্যটকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ বলেন, অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পর্যটকেরা জিপ লাইন ও জায়ান্ট সুইংয়ের আনন্দ নিতে পারবেন। পাহাড়ের পর্যটনে এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
আপনার মতামত লিখুন