সংবাদ

পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে ছাড় নয় : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনগণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে উৎপাদন খরচ কমিয়ে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান এবং সব খামারিকে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রাণিসম্পদ দপ্তর ‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।প্রতিমন্ত্রী বলেন, ‘নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের প্রথম শর্তই হলো প্রাণীকে নিরাপদ ও মানসম্মত খাদ্য খাওয়ানো। ফিড মানসম্মত হলে প্রাণী সুস্থ থাকবে এবং সেখান থেকেই নিরাপদ মাংস, ডিম ও দুধ পাওয়া সম্ভব হবে। তাই জনগণের নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে ফিডের মান নিয়ন্ত্রণে কোনো ছাড় দেওয়া হবে না।’ পাশাপাশি খামার ব্যবস্থাপনায় অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা এবং উৎপাদনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়ে তিনি আরও বলেন, শিল্প ও খামারে অপচয় কমিয়ে উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে হবে, যা উৎপাদক ও ভোক্তা উভয়ের জন্যই লাভজনক পরিবেশ তৈরি করবে।কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে গাজীপুরের প্রান্তিক খামারিরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট এবং করপোরেট প্রতিষ্ঠানের তুলনায় প্রান্তিক খামারিদের কম ওজনের মুরগির বাচ্চা দেওয়ার বৈষম্য নিয়ে অভিযোগ তুলে ধরেন।খামারিদের এসব অভিযোগের জবাবে সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি জানান, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান, সম্প্রসারণ পরিচালক ড. বেগম শামছুন নাহার আহম্মদ ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

পশুখাদ্যের মান নিয়ন্ত্রণে ছাড় নয় : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী