ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার উত্তর হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত তরুণের নাম সামিউল আল আরাফাত (১৮)। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আদালত পাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন সামিউল। পথিমধ্যে মহাসড়কের উত্তর হিজলতলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ঢাকাগামী ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।