গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি মিনি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আলমগীর হোসেন (৩০) ও হানিফ আলী (৪৩)। নিহত অন্য ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে আটটি গরু নিয়ে একটি মিনি ট্রাক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনে একটি অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে দুজনের বাড়ি পাকুন্দিয়ায়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন