সংবাদ

‘প্রেম সড়ক’-এর অবৈধ টংদোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কিশোর-কিশোরী ও শিক্ষার্থীদের অননুমোদিত আড্ডা এবং সামাজিক বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার ‘প্রেম সড়ক’ নামে পরিচিত এলাকার গড়ে ওঠা দুটি অবৈধ টংদোকান উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বালিয়াটি ইউনিয়নের ওই সড়কে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের নিয়মিত আড্ডার কারণে স্থানীয়ভাবে সড়কটি ‘প্রেম সড়ক’ নামে পরিচিতি পায়। সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা টংদোকান দুটি পরিচালনা করত অনূর্ধ্ব-১৮ বয়সের কয়েকজন কিশোর। দীর্ঘদিন ধরে স্থানটি উঠতি বয়সী তরুণদের প্রধান আড্ডাস্থল এবং মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। কিশোর অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতেই তাৎক্ষণিকভাবে দোকান দুটি উচ্ছেদ করা হয়।প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার অভিভাবক ও সচেতন নাগরিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় এক অধিবাসী মন্তব্য করে জানান, সন্ধ্যার পর ওই এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যেত। প্রশাসনের এমন উচ্ছেদ অভিযানে সাধারণ পথচারী ও অভিভাবকেরা স্বস্তি প্রকাশ করেছেন।এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, 'উঠতি বয়সী যুবসমাজ ও শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোর অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এই অভিযান সামনেও অব্যাহত থাকবে।'

‘প্রেম সড়ক’-এর অবৈধ টংদোকান গুঁড়িয়ে দিল প্রশাসন