সংবাদ

ইডেন কলেজ থেকে সংসদে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে সেলিনা সুলতানা নিশিতাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন। ৩৬ জনের মনোনীত তালিকায় নরসিংদী-গাজীপুর অঞ্চলের প্রতিনিধি হিসেবে তার নাম প্রকাশ করা হয়।সেলিনা সুলতানা নিশিতা নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের আলী নেওয়াজের কন্যা। তিনি ছাত্ররাজনীতির অঙ্গনে দীর্ঘদিনের সাহসী ও ত্যাগী মুখ হিসেবে পরিচিত। নিশিতা ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।দলীয় সূত্র জানায়, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে নিশিতাকে বিভিন্ন সময়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রিমান্ড ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে তার সরব উপস্থিতি রাজনৈতিক মহলে প্রশংসিত।বিএনপির এই সিদ্ধান্তে মনোহরদী উপজেলাসহ নরসিংদী জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের দুঃসময়ে রাজপথে থাকা এই নেত্রীকে মূল্যায়ন করায় জ্যেষ্ঠ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

ইডেন কলেজ থেকে সংসদে