সংবাদ

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছেন।গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলার আকশুকনা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে অভিযুক্ত সুকান্ত ঘোষের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন তাকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে আটকে রাখা হয়। পরিবারের অভিযোগ, সুকান্ত ওই ছাত্রীর হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে এবং তার এক সহযোগী এ কাজে সহায়তা করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা এ কাজ করে।দীর্ঘ সময় মেয়েটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সুকান্ত ঘোষের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের ডাকাডাকিতে দরজা খোলা হলে ওই ছাত্রীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় স্থানীয়রা সুকান্তকে ধরে পুলিশে খবর দিলেও তাঁর সহযোগী পালিয়ে যায়।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদার জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) কাঞ্চন মিয়াকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং অভিযুক্ত সুকান্তকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। মামলায় দুইজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার সুকান্ত ঘোষ আকশুকনা গ্রামের নিশিকান্ত ঘোষের ছেলে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: যুবক গ্রেপ্তার