জামালপুরের দেওয়ানগঞ্জে বোরো ধান কাটার সময় অসুস্থ হয়ে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আশাদুল হক ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে।স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আশাদুল বাড়ির পাশের নিজের জমিতে বোরো ধান কাটছিলেন। এ সময় প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম বলেন, আশাদুল হক নামের ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলায় হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে। এ ধরনের আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং পর্যাপ্ত পানি পানসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাররামরামপুর ইউনিয়নে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন।