সংবাদ

অপসাংবাদিকতা প্রতিরোধে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সরকার কাজ করছে। সাংবাদিকেরা স্বাধীনভাবে লিখবেন, এটাই সরকারের প্রত্যাশা। সরকারের সমালোচনা করলেও কোনো হস্তক্ষেপ করা হবে না; তবে রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে কেউ যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে না লেখেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছর সাংবাদিকেরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। আমরা চাই সাংবাদিকেরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করবেন।’এর আগে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজদ বাবু।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অপসাংবাদিকতা প্রতিরোধে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী