সংবাদ

পুকুরে গিলে খাচ্ছে কোটি টাকার রাস্তা, ঝুঁকিতে পথচারীরা

বগুড়ার শেরপুরে একের পর এক গ্রামীণ ও আঞ্চলিক সড়ক বিলীন হয়ে যাচ্ছে পুকুরে। রাস্তার একদম গা ঘেঁষে অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং রক্ষণাবেক্ষণের অভাবে এলজিইডির পাকা রাস্তাগুলো এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের অবহেলা আর নজরদারির অভাবে প্রতিবছর এসব রাস্তা সংস্কারে সরকারের কোটি কোটি টাকা অপচয় হলেও মিলছে না স্থায়ী সমাধান। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও পথচারীরা।সরেজমিনে উপজেলার খামারকান্দি, সুঘাট, খানপুর ও বিশালপুরসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, অসংখ্য গ্রামীণ ও পাকা রাস্তার কোল ঘেঁষে খনন করা হয়েছে বিশাল সব পুকুর। অনেক জায়গায় পুকুরের পাড় না থাকায় সামান্য বৃষ্টিতেই মাটি ধসে রাস্তা গর্তে মিশে গেছে। কোথাও আবার ঢেউয়ের তোড়ে সড়কের বড় একটি অংশ চলে গেছে পানির নিচে। ফলে প্রশস্ত রাস্তাগুলো এখন সরু হয়ে আসায় দুটি যানবাহন পারাপার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, জমির মালিকরা পুকুর খনন করে মোটা অঙ্কের টাকা লিজ দিলেও রাস্তার নিরাপত্তার কথা ভাবছেন না। বর্ষা মৌসুমে ভাঙন প্রকট আকার ধারণ করলেও সময়মতো সংস্কার করা হয় না। এতে দুর্ঘটনার শঙ্কা দিন দিন বাড়ছে। অন্যদিকে, এই ভাঙন ঠেকাতে প্রতিবছর সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে প্রতিরোধমূলক কাজ করতে হচ্ছে, যা প্রকারান্তরে জনগণের ট্যাক্সের টাকার অপচয়।উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন সড়কে অন্তত ১০০টি স্থান বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত এসব স্থানে টেকসই সংস্কার না করা হলে যেকোনো সময় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পুকুর মালিকদের চিঠি দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত পাড় নির্মাণ করেন। যারা এই নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘সরকারি অবকাঠামো ও রাস্তার নিরাপত্তা রক্ষায় বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অবৈধভাবে রাস্তার পাশে পুকুর খনন করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পুকুরে গিলে খাচ্ছে কোটি টাকার রাস্তা, ঝুঁকিতে পথচারীরা