সংবাদ

ঢালিউড

সাঁওতাল জীবনের গল্পে সনি-বৃষ্টির ‘মন পাখি’

সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘মন পাখি’। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।সিনেমাটির কাহিনি ও পরিচালনা করছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে রয়েছেন সৈয়দ মাসুম। সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে সিনেমাটিতে তুলে ধরা হবে তাদের দৈনন্দিন জীবন, সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম ও নানা প্রতিকূলতার গল্প।নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকের সামনে তুলে ধরাই ‘মন পাখি’ নির্মাণের মূল উদ্দেশ্য।ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। প্রথম লটের দৃশ্যধারণে অংশ নিয়েছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ অনেকে। পরবর্তী ধাপের শুটিংয়ে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি, প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী যুক্ত হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সনি রহমান বলেন, ‘আমার অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক ও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। এমনকি সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের গল্প নিয়ে সিনেমা হয়েছে কি না, সেটিও আমার জানা নেই। বাস্তব জীবনের গল্প হওয়ায় চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং।’তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে দর্শক গল্পনির্ভর সিনেমা তুলনামূলকভাবে কম পাচ্ছেন। ফলে অনেক দর্শকই প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমার বিশ্বাস, ‘মন পাখি’ দর্শকদের ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে। সিনেমাটির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।’ ‘মন পাখি’র দৃশ্যধারণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু। সঙ্গীতায়োজনে রয়েছেন শওকত আলি ইমন।

সাঁওতাল জীবনের গল্পে সনি-বৃষ্টির ‘মন পাখি’