সংবাদ
সংবাদ

সাহিত্য

রবীন্দ্রনাথের বই উৎসর্গ: সারদা দেবীর আসমানি বয়ানে স্মৃতি সম্পর্ক উৎসর্গ

বাবা রবি, তুই আমার পনেরজন সন্তানের মধ্যে চৌদ্দ নম্বর। তোর আগে তেরটি সন্তান! বুঝতে পার পনেরটি সন্তান জন্মদান করতে করতে চিরকালীন মাতৃ বাৎসল্যবোধের আর কতটুকু অবশিষ্ট থাকে? ফলে তোর প্রতি সেই মাতৃটান ও আদরযত্নে হয়তো আলগাভাব এসে গিয়েছিল। শরীরও খুব ভালো থাকত না। তাছাড়া এই পরিবারের রেওয়াজ মতো সন্তান জন্মমাত্রই দুগ্ধদাত্রী দাই-এর কাছে প্রতিপালনের ভার দেওয়া হতো। তোরও একজন দুধ-মা দাই ছিল, আমার শাশুড়ির নামের সঙ্গে তার নামে মিল— দিগম্বরী, আমরা ডাকতাম দিগ্মী বলে। পনের সন্তানের প্রতিপালনে ভারতের মাতাগণের মতো জীবন উৎসর্গ করার সুযোগ আমার হয়নি এই পরিবারের চলতি প্রথার জন্য। তবে শরীর ও মনে আর তেমন বাৎসল্য টিকে থাকার সুযোগও ছিল না। বুধেন্দ্রনাথ জন্মের কিছু পর থেকে আমিও মোটা হয়ে যেতে থাকি। সে সব থাক বাবা, আমি সত্যিই যে তোদের কোলেপিঠে মানুষ করতে পারিনি। বুধেন্দ্রনাথ তো মরে গেল জন্মের কয়েক মাসের মধ্যেই, তুই আমার ছোট সন্তান, আমার প্রিয় রবি। আহা বাছা, তখন ওই ছোটটি— মায়ের কোল আদর সান্নিধ্য পেতে তোর মনে কত হাহাকার ছিল। অথচ চাকরদের মহলে, তাদের শাসন তাঁবেদারিতে আটকে থেকে বড় হয়েছিলে। আমার ঘরে তোদের শোবার ব্যবস্থা হলেও দেখাশোনার দায় ছিল দায়িত্বপ্রাপ্ত চাকরদের হাতেই। অন্যদের তবু ছিল মেজ কাকিমা, গিরীন্দ্রনাথের লক্ষ্মী বউটা কিন্তু আমার সন্তানদের খুব আদর করেছে। মায়ের স্নেহ ওর কাছেই পেয়েছে। তোর কপালে তাও জোটেনি। তোদের মেজো কাকিমা যোগমায়া সম্পর্কে সৌদামিনী লিখেছেন: ‘আমার মা বহু সন্তানবতী ছিলেন। এই জন্য তিনি আমাদের সকলকে তেমন করিয়া দেখিতে পারিতেন না— মেজ কাকীমার ঘরেই আমাদের সকলের আশ্রয় ছিল। তিনি আমাদের বড় ভালোবাসিতেন, তাঁহার ’পরেই আমাদের যত আব্দার ছিল। সত্যেন্দ্রনাথও লিখেছে : ‘মার কাছে আমরা বেশীক্ষণ থাকতুম না— আসল আড্ডা ছিল মেজ কাকিমার ঘর; সেই আমাদের শিক্ষালয়, সেই বিশ্রাম-স্থান। বলতে মেজ কাকিমাই আমাদের মাতৃস্থানীয়া ছিলেন।’বনেদি পরিবারের এমন দুগ্ধদাত্রী দাইয়ের স্তন পানের রীতি বিষয়ে আমার স্বর্ণের (স্বর্ণকুমারী দেবী) মেয়ে সরলা বেশ বিরক্ত প্রকাশ করেছে, মাকে কাছে না পাওয়ার বেদনা তার ‘জীবনের ঝরাপাতা’ স্মৃতিগ্রন্থে প্রকাশ পায়:‘সেকালের ধনী গৃহের আর একটি বাঁধাদস্তুর জোড়াসাঁকোয় চলিত ছিল— শিশুরা মাতৃস্তনের পরিবর্তে ধাত্রীস্তন্যে পালিত ও পুষ্ট হতো। ভূমিষ্ঠ হওয়ামাত্র মায়ের কোল-ছাড়া হয়ে তারা এক একটি দুগ্ধদাত্রী দাই ও এক একটি পর্যবেক্ষণকারী পরিচারিকার হস্তে ন্যস্ত হত, মায়ের সঙ্গে তাদের আর কোন সম্পর্ক থাকত না।’স্বর্ণের মতো অবশ্য আমার জীবন ছিল না রে, একে আমি এই বাড়ির মেয়ে নই, স্বর্ণের কত পড়ালেখা, গল্প লিখত, মেয়েদের বিষয় নিয়ে সমাজ সংস্কার নিয়ে ওর চিন্তা ছিল। ও তো দক্ষিণডিহির গ্রামের কোনো মেয়ে নয়, দ্বারকানাথের নাতি দেবেন্দ্রনাথের কন্যা, জানকীনাথ ঘোষালের স্ত্রী। ওর মেজাজ ঠাট অন্য রকমের। ও মাত্র চারটি সন্তানের জননী হয়েও জননীর মূল দায়িত্বটি পালন করেনি। সরলার ক্ষোভ অহেতুক নয়। দুগ্ধদাত্রী ও পরিচারিকা রাখা রেওয়াজের সুবিধা নিয়েছে স্বর্ণ।নিয়ম রীতির বাধ্যতা হোক আর সুযোগ নেয়া হোক, এর ফলে যা হয় শিশু সন্তান মায়ের স্পর্শ, পরিচর্যা থেকে বঞ্চিত হয়, মধুর শিশুকালটি বড় শুস্ক বিষণ্ন থাকে, তেমন সম্পর্কই গড়ে ওঠে না। পরিচারিকা দাস-দাসীর কাছে সন্তানের খবর নিতে হয়। এর জন্য বলতে পারি আমি দায়ী নই, একে দস্তুর মতো রীতি, অন্যদিকে পনেরটি সন্তানের জন্মের পর শক্তিহীন শরীরের দুর্বলতা আর বাৎসল্যের পরম অনুভূতি প্রায় শুকিয়ে গেলে আমি কী করতে পারি বল! তোর সঙ্গে আমার তেমন সখ্য গড়ে উঠতে পারল না, তুই যখন বড় হতে হতে ছড়া গান কবিতা লিখে একে ওকে মুগ্ধ করছিস, সংস্কৃত রামায়ণও পড়তে শিখে গেছিস তখন আমি তোকে খুব ডাকতাম, কাছে পেতে চাইতাম। কিন্তু ততদিনে আমার সময় হয়ে এলো, তোরও মন তখন বাইরের দুনিয়ার হাতছানি আর বাংলা ইংরেজি সংস্কৃত সাহিত্য ও সঙ্গীতের রস আস্বাদনে ব্যস্ত। আমি তোকে পাইনি রবি। এতদিন পর, শত বৎসর পর এসেও লোকে যখন বলে, রবির সাহিত্যে মা নেই, মা নির্বাসিত, উপেক্ষিত তখন মনে ব্যথা গুমরে ওঠে, ওরে মূঢ় রবির কি মা ছিল!রবির সেরকম মা ছিল না, পেটে ধারণ করলে জননী হয়, জৈবিক কারণে। মা হয় মাতৃ-পালনে। আমার লেখাপড়া জীবনযাপনের যতটুকু ফিরিস্তি আমি এই পত্রে লিখলাম তাতেই কি যথেষ্ট নয় শুধু রবির কেন এই ঠাকুরবাড়ির শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের চর্চার সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ ছিল না কথাটি বোঝাবার। বাবা রবি তুই কেন বোকার মতো বলতে গেলি, ছোটবেলায় মায়ের মৃত্যু হয়েছিল বলে মায়ের তেমনি স্মৃতি নেই। কথাটি সত্যি নয়, বোকা। যে বয়সে সন্তানের মায়ের স্মৃতি উজ্জ্বল হয়ে ওঠে, বিশেষ করে যে বয়সে মায়ের মৃত্যু হয়ে গেলে স্মৃতি আরও জ্বলজ্বল করতে থাকে তোর বয়স তো তার চেয়ে বেশি বই কম ছিল না। আমার মৃত্যুর সময় তোর বয়স ছিল তের বৎসর দশ মাস। পূর্ণ বালক, বাবার সঙ্গে হিমালয় পর্যন্ত ঘুরে এলি। আরে বোকা তেমন স্মৃতি সত্যিই যে নেই তার কারণ তো ওই আগে বললাম— দুগ্ধদাত্রীর স্তন পান আর চাকরদের তাঁবেদারিতে বেড়ে উঠেছিস, তোকে আদরযত্ন করেনি, অন্যদিকে আমার জ্ঞান বুদ্ধির শিক্ষার যে চেহারা তাতে তুই, তোর বাবা ভাই বোনদের কারও সঙ্গেই আমার সম্পর্ক গড়ে ওঠার মতো ছিল না, সময়ও ছিল না। তবুও ‘ছেলেবেলা’, ‘জীবনস্মৃতি’ গ্রন্থে দেখি আমার কথা কত লিখেছিস। তোদের জ্ঞানবুদ্ধির যেটুকু অনুমান করবার ক্ষমতা ছিল তাতেই আমার গর্বে মন ভরে যেত, লোকের মুখে তোদের গুণ গান শুনে আমার চোখে জল চলে আসত। আমি তোদের পাইনি, বুঝতেও পারিনি, তোরা তোদের আদর স্নেহ করুণায় ভরা মা’কেও পাস নি।‘ছেলেমানুষ রবীন্দ্রনাথের’ ছেলেবেলাকার কথায় দেখি— চাকরদের বড়োকর্তা ব্রজেশ্বর, ছোটাকর্তা শ্যাম— ওর মুখে যশোরের খাঁটি বাঙাল বুলি, দোমনি বলে ডাকত সবাই, ওর কাছে ডাকাতের গল্প শুনতি, আর আমি কোনো গল্প বলিনি, বরং তোর কাছে শুনতে চেয়েছি। তবুও তোর রচনায় আমার উল্লেখ দেখে মনে মনে কৃতজ্ঞ হই, আনন্দ পাই— স্কুল ফাঁকি আর ঘরে মাস্টারমশায়ের কাছে পড়ার ফাঁকি দেবার জন্য মিথ্য মিথ্যা পেটকামড়ানির কথা তুই ছেলেবেলায় লিখেছিস। মাস্টার এসে বসে আছে, চাকর তোকে নিয়ে যেতে এসেছে, তখন তোর পেটকামড়ানি নিয়ে মায়ের কাছে হাজির হলি এই ভরসায় তো মা রক্ষা করবেন:“পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদহজমের যে একটা তাগিদ পাওয়া যায় সেটা বুঝতে পাইনি পেটে, কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটুও ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরকে ডেকে বলে দিতেন, ‘আচ্ছা, যা, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়াতে হবে না।’ আমাদের সেকেলে-মা মনে করতেন, ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কী লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হত কানমলা। হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল। চিরকালের জন্যে আমার হতো ব্যামোটা।”বিশাল বাড়ির ভিতরের মহলে আমার নিজস্ব একটা বলয় তৈর হয়ে উঠেছিল। বাড়ির অন্য অন্য বউ মেয়ে কোনো কোনো পরিচারিকাসহ আমার নিজস্ব মহলে বসে গল্পগুজব চলত। সেখানে তোরও ডাক পড়ত নতুন শেখা জ্ঞানবুদ্ধির কিছু চমক দিয়ে আমাদের আমোদিত করার জন্য। আমার অবশ্য শুধু গভীর আনন্দই হতো না, হতো অহংকারও— আমার রবি দেখো কত কিছু জানে। তুই লিখেছিস: “মনে পড়ে বাড়ির ভিতরের পাঁচিলঘেরা ছাদ। মা বসেছেন সন্ধ্যেবেলায় মাদুর পেতে, তাঁর সঙ্গিনীরা চারদিকে ঘিরে বসে গল্প করছে।... এই সভায় আমি মাঝে মাঝে টাটকা পুঁথিপড়া বিদ্যের আমদানি করেছি, শুনিয়েছি, সূর্য পৃথিবীর থেকে ন’কোটি মাইল দূরে। ঋজুপাঠ দ্বিতীয় ভাগ থেকে স্বয়ং বাল্মীকি রামায়ণের টুকরো আউড়ে দিয়েছি অনুস্বার-বিসর্গ-সুদ্ধ। মা জানতেন না তাঁর ছেলের উচ্চারণ কত খাঁটি, তবু তার বিদ্যের পাল্লা সূর্যের ন’কোটি মাইল রাস্তা পেরিয়ে গিয়ে তাঁকে তাক লাগিয়ে দিয়েছে। এ-সব শ্লোক, স্বয়ং নারদমুনি ছাড়া আর কারও মুখে শোনা যেতে পারে, এ-কথা কে জানত বলো।”বাবার সঙ্গে হিমালয় ঘুরেফিরে আসবার পর আমার মহলে তোর কদর বেড়ে গিয়েছিল, ডাক পড়ত ঘন ঘন। ‘জীবনস্মৃতি’তে সে কথাও লিখেছিস— “পাহাড় হইতে ফিরিয়া আসার পর ছাদের উপরে মাতার বায়ুসেবনসভায় আমিই প্রধান বক্তার পদলাভ করিয়াছিলাম। মা’র কাছে যশস্বী হইবার প্রলোভন ত্যাগ করা কঠিন এবং যশ লাভ করাটাও অত্যন্ত দুরূহ নহে।... পৃথিবীসুদ্ধ লোকে কৃত্তিবাসের বাংলা রামায়ণ পড়িয়া জীবন কাটায়, আর আমি পিতার কাছে স্বয়ং মহর্ষি বাল্মীকির স্বরচিত অনুষ্টুভ ছন্দের রামায়ণ পড়িয়া আসিয়াছি, এই খবরটাতে মা’কে সকলের চেয়ে বেশি বিচলিত করিতে পারিয়াছিলাম। তিনি অত্যন্ত খুশি হইয়া বলিলেন, ‘আচ্ছা বাছা, সেই রামায়ণ আমাদের একটু পড়িয়া শোনা দেখি।’ হায়, এক ঋজুপাঠের সামান্য উদ্ধৃত অংশ, তাহার মধ্যে আবার আমার পড়া অতি অল্পই, তাহাও পড়িতে গিয়া দেখি মাঝে মাঝে অনেকখানি অংশ বিস্মৃতিবশতঃ অস্পষ্ট হইয়া আসিয়াছে। কিন্তু যে মা পুত্রের বিদ্যাবুদ্ধির অসামান্যতা অনুভব করিয়া আনন্দসম্ভোগ করিবার জন্য উৎসুক হইয়া বসিয়াছেন, তাঁহাকে ‘ভুলিয়া গেছি’ বলিবার মতো শক্তি আমার ছিল না। সুতরাং, ঋজুপাঠ হইতে যেটুকু পড়িয়া গেলাম তাহার মধ্যে বাল্মীকির রচনা ও আমার ব্যাখ্যার মধ্যে অনেকটা পরিমাণে অসামঞ্জস্য রহিয়া গেল। স্বর্গ হইতে করুণহৃদয় মহর্ষি বাল্মীকি নিশ্চয়ই জননীর নিকট খ্যাতিপ্রত্যাশী অর্বাচীন বালকের সেই অপরাধ সকৌতুক স্নেহহাস্যে মার্জনা করিয়াছেন, কিন্তু দর্পহারী মধুসূদন আমাকে সম্পূর্ণ নিস্কৃতি দিলেন না। মা মনে করিলেন, আমার দ্বারা অসাধ্যসাধন হইয়াছে, তাই আর-সকলকে বিস্মিত করিয়া দিবার অভিপ্রায়ে তিনি কহিলেন, ‘একবার দ্বিজেন্দ্রকে শোনা দেখি।’ তখন মনে-মনে সমূহ বিপদ গনিয়া প্রচুর আপত্তি করিলাম। মা কোনোমতেই শুনিলেন না। বড়দাদাকে ডাকিয়া পাঠাইলেন। বড়দাদা আসিতেই কহিলেন, ‘রবি কেমন বাল্মীকির রামায়ণ পড়িতে শিখিয়াছে একবার শোন্ না।’ পড়িতেই হইল। দয়ালু মধুসূদন তাঁহার দর্পহারিত্বের একটু আভাসমাত্র দিয়া আমাকে এ-যাত্রা ছাড়িয়া দিলেন। বড় দাদা বোধহয় কোন-একটা রচনায় নিযুক্ত ছিলেন, বাংলা ব্যাখ্যা শুনিবার জন্য তিনি কোন আগ্রহ প্রকাশ করিলেন না। গুটিকয়েকে শোক শুনিয়াই ‘বেশ হইয়াছে’ বলিয়া তিনি চলিয়া গেলেন।”এই তো মায়ের সঙ্গে তোর কত স্মৃতি, কত কথা তুই মনে করে লিখেছিস। তোর সাহিত্যে মা তো নির্বাসিত নয়, উপেক্ষিত নয়, নগণ্যও নয় এই জন্য যে, আমাদের মা-ছেলের সম্পর্ক ঘটার সামাজিক ও প্রাকৃতিক বাস্তবতায় এর থেকে বেশি সুযোগ তৈরিই হয়নি। আমার কানে এখনো ভাসে নতুন একটা কবিতা শিখে, অন্যের মুখে শোনা মিষ্টি গলায় গাওয়া তোর পাচালি গান...। তোর জীবনস্মৃতি থেকেই আমি জানতে পারি আমার মৃত্যুর সময় তোর মনের খবর, বেদনার চাপা, গভীর অথচ নিরাবেগ স্মৃতি:“মা’র যখন মৃত্যু হয় আমার বয়স তখন অল্প। [৮ মার্চ ১৮৭৫] অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন, কখন যে তাঁহার জীবনসংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই। এতদিন পর্যন্ত যে-ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন। কিন্তু তাঁহার রোগের সময় একবার কিছুদিন তাঁহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়— তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তুঃপুরের তেতালার ঘরে থাকিতেন। যে-রাত্রিতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম, তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল, “ওরে তোদের কী সর্বনাশ হল রে।” তখনই বউঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে বাহির করিয়া লইয়া গেলেন— পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে এই আশঙ্কা তাঁহার ছিল। স্তিমিত প্রদীপে, অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল, কিন্তু কী হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না। প্রভাতে উঠিয়া যখন মা’র মৃত্যু সংবাদ শুনিলাম তখনো সে-কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম, তাঁহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের ওপর শয়ান। কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে-দেহে তাহার কোনো প্রমাণ ছিল না,— সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে-রূপ দেখিলাম তাহা সুখসুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর।... কেবল যখন তাঁহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাঁহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক-দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে, এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাঁহার নিজের এই চিরজীবনের ঘরকন্নার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। বেলা হইল, শ্মশান হইতে ফিরিয়া আসিলাম; গলির মোড়ে আসিয়া তেতলায় পিতার ঘরের দিকে চাহিয়া দেখিলাম তিনি— তখনো তাঁহার ঘরের সম্মুখের বারান্দায় স্তব্ধ হইয়া উপাসনায় বসিয়া আছেন। বাড়িতে যিনি কনিষ্ঠা বধূ [কাদম্বরী দেবী] ছিলেন তিনিই মাতৃহীন বালকদের ভার লইলেন।”আমার মৃত্যু নিয়ে আর কথা বলব না এখন, আগে বর্তমান প্রসঙ্গটির আরও একটু কথা হোক। আমার কোনো প্রত্যাশা ছিল না, কোনোদিন ভাবিওনি, আমি একজন মা বা ব্যক্তি হিসেবে তোমাদের সাহিত্যে আসন পাব। লোকে যখন বলে, বলে তোমার নিন্দার ছলে, রবীন্দ্রনাথের সাহিত্যে মা উপেক্ষিত, অবহেলিত তখন তারা দুই রকমের অজ্ঞতার প্রকাশ করে— এক, তারা তোর সাহিত্যের ভালো পাঠ যেমন তাদের হয়নি, তেমনি আমাদের জীবন সম্পর্কে ধারণার অভাব। ‘ছেলেবেলা’ ‘জীবনস্মৃতি’ ছাড়া ‘মাতৃবন্দনা’র কবিতাগুলির কোনো গুরুত্ব কি নেই! তার খোঁজ নেই তাদের কাছে, নাকি বলবে মাতৃবন্দনার বন্দিত মা আসলে জননী নয়, দেশ মাতৃকা। রবির সাহিত্যে ভালো করে পাঠ নিলে এমন সরল ব্যাখ্যা করতে পারত না। দেশ মাতৃকার গর্ভে যেমন মানুষ, ভাষা সংস্কৃতির জন্ম, এই জন্মের জৈবিক ও হৃদয়ঘটিত টানে বিহ্বল আবেগী মানুষ দেশ প্রেমের অনুভূতি জারিত হয়ে বন্দনা গীত তৈরি করে। তেমনি জননী— যার গর্ভের রক্ত শুষে শিশুর জন্ম হয় সেই জননীও দেশ মাতৃকার সাদৃশ্যে অনুভূত হয় বলেই মানুষ যথার্থভাবেই দেশকেও জননী বলে শ্রদ্ধা করে, হৃদয়ে প্রেম ভালোবাসা জাগে। তো মাতৃবন্দনার কবিতায় তাই জৈবিক মাতা আর দেশ জননীর বন্দনা একই রকম প্রকাশ পায়। কবিতায় কিছু কাঁচা আবেগ অনুভূতিময় প্রকাশ সেই কথাকে অন্তত আমার কাছে শিরোধার্য করে তোলে। রবির মতো কবির কবিতায় শুধু দেশের কথা বা মায়ের কথা এক রৈখিকভাবে বিবৃত হবে! তোর সাহিত্য সামান্যই বুঝে বলে এমন ভ্রান্তি। আমি বাবা বেশ দেখি ‘মাতৃবন্দনা’ কবিতাগুচ্ছে আমার প্রতি তোর অনুভূতির প্রকাশ:‘হে জননী, ফুরাবে না তোমার দান,শিরায় শোণিতে তাহা বহমান।তুমি দিয়ে গেছ মোরে সূর্য তারা চাঁদ,আমার জীবনে সে তো তব আশীর্বাদ।’অথবা অন্য একটিতে—‘পূর্ণময়ী মাতৃভূমিচিনায়ে দিয়েছ তুমিতোমা হতে চিনিয়াছি নিখিল মাতারেসে দোঁহার শ্রীচরণেনত হয়ে কায়মনেপারি যেন তব পূজা পূর্ণ করিবারে।’একই সুরে বাঁধা আরও কয়েকটি কবিতায় যেমন—‘ওগো মা,  তোমারি মাঝে বিশ্বের মা যিনিছিলেন প্রত্যক্ষ বেশে জননীরূপিনী।সেদিন যা কিছু পূজা দিয়েছি তোমায়,সে পূজা পড়েছে বিশ্ব জননীর পায়।আজি সে মায়ের মাঝে গিয়েছ মা চলি,তাহারি পূজায় দিনু তব পুষ্পাঞ্জলি।’অথবা নিচের এই কবিতায় আমি আরও স্পষ্ট—‘হে জননী বসিয়াছ মরণের মহাসিংহাসনেতোমার ভবন আজি বাধাহীন বিপুল ভূষণে।দিনের আলোক হতে চাও তুমি আমাদের মুখেরজনীর অন্ধকারে আমাদের লও টানি বুকে।মোদের উৎসব-মাঝে তোমার আনন্দ করে বাস,মোদের দুঃখের দিনে শুনি যে তোমা  দীর্ঘশ্বাস।মোদের ললাটে আছে তোমার আশিষ-করতল,এ কথা নিয়ত স্মরি দেহমন রাখিব নির্মল।’১৩২৬-এর প্রকাশিত সুরেশচন্দ্র সমাজপতি-সম্পাদিত শারদীয়-সংকলন ‘আগমনী’র জন্য লেখা তোর এই ‘মাতৃবন্দনা’ কবিতাগুচ্ছের মোট ছয়টি কবিতার একটি কবিতা যা বেশ মানেও উত্তীর্ণ তাতে সুর চড়িয়ে কয়েক বছর আগে তা সঙ্গীত হিসেবেই গেয়েছিস, আজও লোকে গায়— গীতাঞ্জলিতে এই গানটি মুদ্রিত (১৩১৭) হয়েছিল—‘জননী, তোমার করুণ চরণখানিহেরিনু, আজি এ অরুণকিরণরূপে।জননী, তোমার মরণহরণ বাণীনীরব গগনে ভরে উঠে চুপে চুপে।তোমারে নমি হে সকল ভুবনমাঝেতোমারে নমি হে সকল জীবনকাজেতনু মন ধন করি নিবেদন আজিভক্তিপাবন তোমার পূজার ধূপে।’এইসব পদ্যের প্রায় প্রতি পংক্তিতেই মূর্ত হয়ে উঠেছে ‘মা’ বা ‘জননীর’ দ্ব্যর্থবোধ ব্যঞ্জনা। লোকে সাধারণত অন্যের মুখে শোনা কথা বলে, অথবা দায়হীন গোছের পাঠ থেকে দ্ব্যর্থতা বুঝতে অপারগ শুধু নয়, অভিযোগ ফেনিয়ে তোলে। এখন তো আমি সবই পড়তে দেখতে বুঝতেও পারি। তোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের স্তূপে মাতৃ বিরাগের অভিযোগও কম নয়। এজন্য আবার তোদের দুনিয়াকে দেখা। আবার দেখ এমন নালিশ শুধু রবির ক্ষেত্রে, অন্যদের বেলায় কোন অভিযোগ নেই, কেন? মাইকেল-বঙ্কিম-নজরুল থেকে আজনাগাদ বড় বড় লেখকদের কতজনের সাহিত্যে নিজের মা জননী বারবার ফিরে এসেছে রবি? কারও নয়, তোর থেকে অন্যদের সাহিত্যে বরং দেখছি অতি নগণ্য, কারও কারও নেইও। তো আমি মা হিসেবেই বলছি, রবির সাহিত্যে মা নির্বাসিত বা উপেক্ষিত এই মন্তব্যের যথার্থতা নেই।আরও একটি তথ্য, বেশ সাধারণ তথ্যই, কিন্তু রবির ক্ষেত্রে অভিযোগের মতো উচ্চারিত হয়, আর তা হলো রবি তাঁর মা-জননী সারদা দেবীকে তার শত শত বইয়ের একটিও উৎসর্গ করেননি। কথাটা চট-জলদি মনে লাগে, বাংলা ভাষার সাহিত্যিকদের একটি রেওয়াজ তৈরি হয়েছে পিতা মাতাকে বই উৎসর্গ করার। কিন্তু এই রেওয়াজ সবার জন্য পালনীয় কোনো নীতি হতে পারে না। রবীন্দ্র প্রতিভার যাঁরা খোঁজ রাখেন তাঁরা নিশ্চয় বলতে পারবেন অন্য অন্য সাহিত্যিকদের সঙ্গে রবীন্দ্র-প্রতিভা তুল্য নয়। রবীন্দ্রনাথের পরিবারে সঙ্গীত ও শিল্প সাহিত্যের পাশে দেশের সামাজিক সাংস্কৃতিক বিশেষ ক’রে ধর্মীয় সংস্কার ও নতুন ধারা প্রবর্তনের যে প্রবল সাফল্য ও কর্ম চাঞ্চল্য তার সঙ্গে তুলনীয় দূরের কথা পাশে অবস্থান করার মতোও কোনো পরিবার নেই। তা হলে অতুলনীয় প্রতিভা রবি ও তার তুলনা রহিত পরিবারের কারও সঙ্গে অন্যদের তৈরি করা রেওয়াজের মিলতে হবে কেন! রবির উৎসর্গ করা গ্রন্থ, যাদের উৎসর্গ করেছে এবং যে সব বই কাউকে উৎসর্গই করা হয়নি তা বুঝে নিতে পারলে এ কোনো অভিয়োগ হয় না যে, রবি তার মাকে বই উৎসর্গ করেনি। রবিকে লেখা এই পত্র আপনারা রবির পাঠকও লক্ষ্য করে দেখেন— যাঁরা অভিযোগ তোলেন, বা জানতে আগ্রহী তা হলো প্রথমে রবি বই তাকেই উৎসর্গ করে যাঁর সঙ্গে তার শিল্প সাহিত্যের গভীর যোগাযোগ হয়েছে, তার বিনিময় হয়েছে, প্রেরণা যুগিয়েছে, নিবিড় ব্যক্তিগত সম্পর্কও বিবেচ্য হয়েছে বৈকি। এ ক্ষেত্রে আমিই রবির পরিবারে সেই নগণ্য ব্যক্তি যার সঙ্গে রবি প্রতিভার সাম্যক পরিচয় ঘটেনি। রবি অনেক বড় হয়ে ওঠার আগেই আমার জীবনাবসান ঘটেছে। যখন ছিলাম বালক রবির প্রতি মা হিসেবে যেমন ভূমিকা রাখতে পারিনি, তেমন ওই সময়ের কালে বালক রবির পদ্যরাজির খোঁজও রাখিনি, খোঁজ পেলেও আমার অশিক্ষার প্রবল দীনতায় তার স্বাদ গ্রহণ করে ওকে প্রেরণা যোগাতে পারিনি। বালক রবি মাস্টার মশায়ের কাছে যে কালিদাস অনুবাদ করছে, শেক্সপিয়র অনুবাদ করছে, বৈষ্ণব কবিতার রসগ্রাহী শুধু নয় তার গীতধর্মিতায় তার কবিমন আলোড়িত হচ্ছে, ব্রজবুলি ভাষার আভরণ সরিয়ে তার রস মর্ম অর্থ উপলব্ধি করে নতুন করে নির্মাণের স্বপ্ন দেখছে এই সবই আমি এই মৃত্যুর উত্তরকালে জেনেছি। তো একদিকে জৈবিক আত্মীয়তা ভিন্ন যেমন আদর স্লেহ লালন পালনের মধ্যে দিয়ে নিবিড় সম্পর্ক গড়ে ওঠেনি, তেমনি আমার দৈন্যতার জন্য ওই সময়ে ওর রচনা, চিন্তার ও স্বপ্নের সঙ্গে কোনো আত্মিক সম্পর্ক হয়নি। তো রবি কেন আমাকে বই উৎসর্গ করবে! কৃত্রিম আবেগ বা চলতি প্রথার কাছে রবি কেন ঠাকুরবাড়ির কেউ বাধা পড়েনি। রবি তুই যেমন বলেছিস, বলেছিলি তোর নতুন বউঠান কাদম্বরীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ‘আত্মার চরম সত্য তথ্যে নয়, আত্মার আত্মীয়তায়।’ সেই আত্মীয় কোনোদিন হতে পারিনি। লোকে বোঝে না বলেই অবান্তর অভিযোগের প্রয়াস পায়। জৈবিক সত্যের দোহাই দিয়ে না হক আব্দার করে!রচনাবলি ঘেঁটেঘুঁটে দেখছিলাম কিছু গুরুত্বপূর্ণ বই কখনোই কাউকে উৎসর্গ করিসনি যেমন— গীতাঞ্জলি, শেষের কবিতা, রক্তকরবী, নৌকাডুবি, চোখের বালি, তিন সঙ্গী, চার অধ্যায়, মালঞ্চ, বাঁশরী, তপতী, লিপিকা, জীবনস্মৃতি, অপরূপরতন, চিত্রা, চৈতালী, মহুয়া, নটীর পূজার মতো আলোচিত গ্রন্থ। কেন করিসনি তার কৈফিয়ৎ চাওয়ার মতো অনাধিকার চর্চায় অভ্যস্ত বাঙালি সমাজে কম নেই। ইংরেজি গীতাঞ্জলি বা ইংরেজি সংস্করণ ‘সং অফারিং’ যদিও হুবহু একই গীতাঞ্জলি বইয়ের ভাষান্তর মাত্র নয়, উৎসর্গ করিছিলি ইংরেজ তথা পশ্চিমা দুনিয়ায় সবচেয়ে নিঃস্বার্থ শিল্পীবন্ধু শিল্পী উইলিয়ম রোটেনস্টাইনকে।লক্ষ্য করলে দেখা যায়, যাদের সঙ্গে ত্রিবিধ সম্পর্ক ছিল নিবিড়, যেমন সাহিত্য ও চিন্তার যোগ, প্রেরণা যুগিয়েছে, এবং ব্যক্তিগত সম্পর্ক— অনেককাল ধরে যা অমলিন ছিল তাদেরকে একাধিক বই উৎসর্গ করেছিস। যেমন নয়া দাদা জ্যোতিরিন্দ্রনাথ, বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ, প্রিয়বন্ধু বিজ্ঞানী জগদীশ বসুও পেয়েছেন দু’খানা বই। অন্য বন্ধুদের মধ্যে লোকেন পালিত, ব্রজেনশীল, প্রিয়নাথ সেন, শ্রীশচন্দ্র মজুমদার, রমানন্দ চট্টোপাধ্যায়, রাধাকিশোর দেববর্মণ প্রমুখ প্রত্যেককেই উৎসর্গ করা হয়েছে। রাজনৈতিক নেতাদের মধ্যে নেতাজী সুভাষচন্দ্র বসু ও পরবর্তী কবিদের মধ্যে স্নেহধন্য কবি কাজী নজরুল ইসলাম, কবি অমিয় চক্রবর্তী, কবি সুধীন্দ্রনাথ দত্ত, অতুলপ্রসাদ সেন প্রমুখ, ঠিক এভাবে নয়, বরং দেখি কোন বই কাকে উৎসর্গ করা হয়েছে তার একটি অসম্পূর্ণ তালিকা হলেও দেখা যেতে পারে এজন্য যে উৎসর্গ পৃষ্ঠায় যাদের নাম মুদ্রিত হলো তাদের সঙ্গে তোর সম্পর্ক ও ওই সব ব্যক্তিবর্গের কাজের সাফল্য দেখে বোঝা যায় উৎসর্গের ব্যক্তি নির্বাচনের ধরন। তার আগে বলে রাখি, রবি তুই কিন্তু তোর ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর ও গান্ধীজিকে কোনো বই উৎসর্গ করিস নি! বোন সৌদামিনি ছাড়া অন্য বোনদের নয়, রথীন্দ্রনাথ ছাড়া অন্য কোনো ছেলেমেয়েকেও নয়। স্ত্রী মৃণালিনী এই দুনিয়ায় থাকতে তাকেও নয়, মৃত্যুর পর ‘স্মরণ’ কাব্যগ্রন্থটি স্ত্রীকে উৎসর্গ করা হলেও তাতে মৃণালিনীর নামের বদলে আছে তার মৃত্যুর তারিখ ৭ই অগ্রহায়ণ ১৩০৯।আমার মতেই যশোহরের এক গ্রামের সামান্য অক্ষরজ্ঞানসম্পন্ন দরিদ্র বাবার অশিক্ষিত ‘ভবতারিনী’র সঙ্গে ২১/২২ বছরের সুদর্শন ও ভারতের সবচেয়ে উজ্জ্বল যুবক ইতিমধ্যে বিলাত ঘুরেও এসেছে তার বিয়ে হলে দায়দায়িত্ব পালন আর প্রবৃত্তির নিবৃত্তি ছাড়া ওই ভবতারিনী বা মৃণালিনীর সঙ্গে তোর আর কোনো সম্পর্কও ছিল বলে মনে হয় না। ছিল না তা  দীপেন্দ্রনাথ ঠাকুরের ২য় বউ হেমলতা, ইন্দিরা প্রমুখ স্মৃতিকথায় তেমন ইঙ্গিত করেছেও। কিন্তু বউমার মৃত্যুর পর পাঁচটি অনাথ শিশুর সম্পূর্ণ ভার নিয়ে তুই গভীরভাবে স্ত্রীর অভাব বোধ করেছিলি। শূন্য স্থানের হাহাকার হৃদয়ে বেদনা তৈরি করেছিল বলেই ‘স্মরণ’ কাব্যগুচ্ছের সৃষ্টি ও উৎসর্গ। উৎসর্গের তালিকাটি চোখের সামনে তুলে ধরলে আরও কিছু খবরের খোঁজ মিলতে পারে—সৌদামিনী দেবী (বৌঠাকুরাণীর হাট), ইন্দিরা দেবীচৌধুরাণী (প্রভাত সঙ্গীত), সত্যেন্দ্রনাথ ঠাকুর (কড়ি ও কোমল), জ্ঞানদানন্দিনী দেবী (সমালোচনা), সুরেন্দ্রনাথ ঠাকুর (বিসর্জন), দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (রাজা ও রাণী), প্রিয়নাথ সেন (গোড়ায় গলদ), দেবেন্দ্রনাথ সেন (সোনার তরী), বিহারীলাল গুপ্ত (ছোটগল্প), আশুতোষ চৌধুরী (গল্প দশক), বলেন্দ্রনাথ ঠাকুর (নদী), জগদীন্দ্রনাথ রায় (পঞ্চভূত), প্রমথনাথ রায়চৌধুরী (কণিকা), রাধাকিশোর দেববর্মন (কাহিনী), শ্রীশচন্দ্র মজুমদার (কল্পনা), বিধুশেখর শাস্ত্রী (বাংলা শব্দতত্ত্ব), রথীন্দ্রনাথ ঠাকুর (গোরা), যদুনাথ সনকার (অচলায়তন), সি. এফ. এন্ড রুজ (উৎসর্গ), দিনেন্দ্রনাথ ঠাকুর (ফাল্গুনী), প্রমথ চৌধরী (ঘরে বাইরে), ব্রজেন্দ্রনাথ শীল (সঞ্চয়), উইলিয়ম পিয়ার্সন (বলাকা), রামানন্দ চট্টোপাধ্যায় (জাপানে পারস্যে), কাজী নজরুল ইসলাম (বসন্ত), বিজয়া দেবী অর্থাৎ ভিক্টোরিয়া ওকাম্পো (পূরবী), লেডি রানু মুখার্জী (ভানুসিংহের পত্রাবলী), শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (কালের যাত্রা), নীতিন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (পুনশ্চ), নন্দলাল বসু (বিচিত্রিতা), অবনীন্দ্রনাথ ঠাকুর (চিত্রাগঙ্গা), সুভাষচন্দ্র বসু (তাসের দেশ), দিলীপকুমার রায় (ছন্দ), কৃষ্ণ কৃপালিনী ও নন্দিতা কৃপালনী (পত্রপুটে), রাণী মহলানবীশ (শ্যামলী), অমিয় চক্রবর্তী (সাহিত্যের পথে), প্রতিমা দেবী (ছড়ার ছবি), চারুচন্দ্র ভট্টাচার্য (সে), অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু (বিশ্ব-পরিচয়), নীলরতন সরকার (সেঁজুতি), সুনীতিকুমার চট্টোপাধ্যায় (বাংলা ভাষা-পরিচয়), কবি সুধীন্দ্রনাথ দত্ত (আকাশ-প্রদীপ), নন্দিতা কৃপালনী (গল্প-সল্প)।হ্যারে রবি, এই তালিকায় তোর নতুন বউঠান কাদম্বরী দেবীর নাম কোথায়! জানি বাবা, বালক রবি পদ্য গদ্য সাধনার সেই প্রথম কালের প্রধান পাঠক সমালোচক ও উৎসাহদাত্রী নতুন বউঠানের প্রতি উৎসর্গে ভুল হবার কথা নয়, হয়নি, অন্য সবার থেকে আলাদা করে একটি দুটি নয় ছয়টি বই তুই কাদম্বরীকে উৎসর্গ করেছিস। তোদের মধ্যে যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছিল তা নিয়ে লোকে আজও গল্প করে শুধু নয়, বই লিখে ফেলেছে। সে-সময় আমি দুনিয়ায় ছিলাম না। এই পরকালের চিরকাল থেকে আমি সবই দেখেছি, বুঝেছি আমার মৃত্যুর পর তোর থেকে মাত্র দুই বছরের বড় নতুন বউঠান তোরসহ সংসারের অনেক দায়িত্ব নিয়ে ফেলেছিল। এই দায়িত্ব পালনে একদিকে কাদম্বরীর ওপর নির্ভরশীলতা অন্যদিকে সাহিত্য রচনার সার্বক্ষণিক সঙ্গী হয়ে ওঠা বউঠান তোর হৃদয়ে বড়ো আসন করে নিয়েছিল। যাক সে কথা, তোদের নির্দোষ বন্ধুত্বে বাইরের লোক কেন বাড়ির অন্দর মহলেও কানাঘুষা শুরু হয়েছিল।নাম না লিখলেও উৎসর্গের ভাষায় ইঙ্গিতে নতুন বউঠানের প্রতি নিবেদনের কথা বুঝতে এখন সাধারণ পাঠকেরও অসুবিধা হয় না। উৎসর্গের ভাষাও বেশ সুন্দর যদিও সব বই তোর প্রথম দিকের লেখা। ওই উৎসর্গের লেখা আর একবার পড়ে দেখি আয়:‘ভগ্ন-হৃদয়’ উৎসর্গ-পৃষ্ঠায় লেখা আছে... ‘শ্রীমতী হে...’ তারপরই ত্রিশ পঙ্ক্তির দীর্ঘ কবিতা। তার প্রথম দুটি পঙ্ক্তি—       ‘হৃদয়ের বনে বনে সূর্যমুখী শত শত,            ঐ মুখপানে চেয়ে ফুটিয়া উঠেছে যত।’‘ভারতী’ পত্রিকায় ভগ্ন-হৃদয় প্রকাশের সময় উপহার-কবিতা ছিল ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ গানটি।‘শৈশবসংগীত’ বইয়ের উপহারে লিখেছিস— ‘এ কবিতাগুলিও তোমাকে দিলাম। বহুকাল হইল তোমার কাছে বসিয়াই লিখিতাম, তোমাকে শুনাইতাম। সেই সমস্ত স্নেহের স্মৃতি ইহাদের মধ্যে বিরাজ করিতেছে। তাই, মনে হইতেছে তুমি যেখানেই থাক না কেন, এ-লেখাগুলি তোমার চোখে পড়িবেই।’“ছবি ও গানে’র উৎসর্গ-পৃষ্ঠায় আছে— ‘গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার বসন্তের মালা গাঁথিলাম। যাঁহার নয়ন কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত, তাঁহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম।’‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’তে লিখেছিলি— ‘ভানু-সিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করিয়াছিলে। তখন সে অনুরোধ পালন করি নাই। আজ ছাপাইয়াছি, আজ তুমি আর দেখিতে পাইলে না।’‘প্রকৃতির প্রতিশোাধ’ বইয়ের উৎসর্গ-পৃষ্ঠায় শুধু লেখা আছে— ‘তোমাকে দিলাম’। এই ‘তুমি’ নতুন বৌঠান কাদম্বরী দেবী ছাড়া আর কেউ নয়।কাদম্বরীর ওইভাবে মৃত্যু বা আত্মহনন (১৯ এপ্রিল ১৮৮৪) আমাকে খুব কষ্ট দিয়েছেরে। জানি তুইও এই শোক দীর্ঘদিন, শেষদিন পর্যন্ত বহন করেছিস। জীবনস্মৃতিতে আছে মায়ের মৃত্যুশোকের চেয়ে নতুন বউঠানের মৃত্যুশোক স্থায়ী শোকে পরিণত হয়েছিল:‘...কিন্তু চব্বিশ বছর [২২ বৎসর ১১ মাস] বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়। তাহা তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদশোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিছে।’

রবীন্দ্রনাথের বই উৎসর্গ: সারদা দেবীর আসমানি বয়ানে স্মৃতি সম্পর্ক উৎসর্গ