মাদকের ছোবল থেকে রক্ষা পেতে যুবসমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠান ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’র (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, ‘সারাদেশে বিদ্যমান মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা যদি শুধু বলি মাদক নেওয়া যাবে না, তবে তা কাজ করবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যুবকদের হাতকে দক্ষ কর্মীর হাতে রূপান্তর করতে না পারলে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়। আমাদের দক্ষ যুবশক্তি যখন গড়ে উঠবে, তখনই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি মিলবে।’ এসময় তিনি লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
স্কিল-আইটির চেয়ারম্যান সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম জগলু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার কৃষকদের মাঝে দুই হাজার ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এছাড়া তিনি বাগেরহাটে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
আপনার মতামত লিখুন