গত ১৭ বছরে দেশের সংসদ সদস্য ও মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সোমবার (২০ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিপুন রায় চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছরে এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছেন। সেই জায়গা থেকে ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।’
মাদকবিরোধী জনমত তৈরিতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদে বয়ানের সময় ইমাম সাহেবদের এবং মন্দিরে পুরোহিতদের সচেতনতামূলক বক্তব্য রাখতে হবে। তবে শুধু আইন প্রয়োগ বা সচেতনতা দিয়ে মাদকের বিস্তার রোধ সম্ভব নয়; এর জন্য তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এর আগে নিপুন রায় চৌধুরী জেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ এবং জেলা পরিচিতি ম্যাপের ফলক উন্মোচন করেন।
আপনার মতামত লিখুন