নওগাঁর সাপাহারে গৃহস্থালি পুকুরে মাছ চাষ সম্প্রসারণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে প্রদর্শনী চাষিদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শাকসবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় ২০২৫–২৬ অর্থবছরে এই সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করা সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র চাষিদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা মৎস্য দপ্তর জানায়, প্রকল্পের আওতায় থাকা চাষিদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় উন্নত জাতের মাছের পোনাও পৌঁছে দেওয়া হবে। এতে পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি আমিষের চাহিদাও পূরণ হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন