চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন-সম্পর্কে তারা শ্বশুর, মেয়ে ও জামাই।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ দল হরিপুর বাজারের ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। ঢাকা থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি এসি বাস থামিয়ে তল্লাশি শুরু করলে তিনটি ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন-শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিশ্বাসটোলার মো. সুইট (২৪), আরগাড়াহাট এলাকার মো. মতিউর রহমান (৪০), সাহাপাড়ার মো. জিহাদ আলী (২০), নতুন বারোরাশিয়ার মো. অসীম আলী (২০) এবং মোসা. মমেণা খাতুন (২৪)। অভিযানে গ্রেপ্তার মমেণা খাতুনের সঙ্গে তাঁর ছয় মাস বয়সী এক শিশুসন্তানও ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গ্রেপ্তার মতিউর রহমানের মেয়ে মমেণা এবং জামাই হলেন সুইট। সুইট দীর্ঘদিন কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং সেই সুবাদে সেখান থেকে গাঁজা সংগ্রহ করে এই চক্রটি চাঁপাইনবাবগঞ্জে সরবরাহ করত। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময় কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদক এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন