তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
পরিদর্শনকালে মন্ত্রী সরাসরি হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় রোগীরা পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করলে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ অবকাঠামোগত নানা সমস্যার কথা মন্ত্রীকে অবহিত করেন। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, `স্বাস্থ্যখাতে বিদ্যমান সংকট দীর্ঘদিনের। আমাদের সরকার দায়িত্ব নিয়েছে মাত্র পাঁচ মাস। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তবে আমরা ইতোমধ্যে জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছি।'
মন্ত্রীর পরিদর্শনের সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন