বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শনিবার (৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও উদ্যোক্তারা অংশ নেবেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএসভিইআরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য - ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কার্যকর প্রয়োগ’। সম্মেলনে ১৬টি অধিবেশনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। ১৯৯৪ সালে মাত্র দেড়শ জন নিয়ে শুরু হওয়া এ সম্মেলনে এবার প্রায় ৭০০ জন অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
শনিবার (৮ আগস্ট) সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এ. কে. এম. খসরুজ্জামান। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন অ্যাল্ডার্স এবং বিএসভিইআর বার্ষিক বক্তৃতা দেবেন অধ্যাপক ড. এম. মাঈনউদ্দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, এই সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো ভেটেরিনারি খাতে নতুন উদ্যোক্তা তৈরি করা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির ওপর জোর দেওয়া হবে।
আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তাহসিন ফারজানা জানান, সম্মেলনে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ও ভ্যাকসিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, যা মাঠপর্যায়ের খামারিদের উপকারে আসবে। এছাড়া সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্যোক্তা বিষয়ক বিশেষ সেশনেরও আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসভিইআরের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলম মিয়া, অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য ও ড. নাসরিন সুলতানা।
আপনার মতামত লিখুন