ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্যের বড় একটি চালান আসার খবর পায় বিজিবি ফেনী ব্যাটালিয়ন। এর ভিত্তিতে বিজিবির একাধিক দল ছাগলনাইয়া ও ফুলগাজীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান নেয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, বিভিন্ন প্রসাধনী সামগ্রী (ক্রিম ও পাউডার), প্যাকেটজাত পানীয় ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, ‘জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন