সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভেঙে সমাবেশ করেছেন নেতাকর্মীরা। শনিবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকায় উত্তেজনার মধ্যেই এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দিরাই পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার। বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার ও কলেজ রোডসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়।
তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করেই সকাল থেকে পৌর এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে জড়ো হয়ে সমাবেশ করেন। এই পক্ষটির নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা পাভেল চৌধুরী এবং বর্তমান সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই মাসুক চৌধুরী।
এর আগে গত বৃহস্পতিবার দিরাই থানা পয়েন্টে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে সমাবেশ করেছিল সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষ। এর পাল্টা কর্মসূচি হিসেবে আজ পাভেল চৌধুরী ও মাসুক চৌধুরীর সমর্থকেরা সমাবেশের ডাক দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরাও তাদের নেতাকে ছাড়া কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশস্থলের অদূরে মিছিল ও পথসভা করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা একটি কমিউনিটি সেন্টারে আলাদা সমাবেশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদকে বলেন, ‘শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
বিকেল ৫টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন