মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। মাদক সংক্রান্ত কোনো সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না।
বুধবার (৮ আগস্ট) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর সরদার বাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘মাদকের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় নতুন খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এই সংসদ সদস্য। একই সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি বা অন্যায়ের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
আরমান আলী সরদারের সভাপতিত্বে এবং স্পেন বিএনপির সহসভাপতি ও প্রবাসী ইউনুস আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, যুবদল সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী এবং ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা চরভদ্রাসন উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন