রাজনৈতিক আদর্শে মতপার্থক্য থাকলেও নারায়ণগঞ্জের জনমানুষের জীবনমান উন্নয়ন ও জেলার স্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এই ঘোষণা দেন। সভায় ব্যবসা খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করারও আশ্বাস দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ (মুঠোফোনে যুক্ত)।
সভায় আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমি বিরোধী দলের এমপি হলেও মানুষের কাজের প্রয়োজনে সরকারি দলের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করতে দ্বিধা করি না। আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু নারায়ণগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য করতে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমরা একে অন্যকে ভিন্ন দলের মনে করি না। অতীতে অনেকে শুধু নিজেদের স্বার্থ দেখেছেন, যার ফলে নারায়ণগঞ্জ এখনো ‘বি’ ক্যাটাগরির জেলা রয়ে গেছে। আমরা পাঁচজন সংসদ সদস্য এখন এক আছি এবং ব্যবসায়ীদের পাশে থাকব।’
বিচ্ছিন্নভাবে দাবি না জানিয়ে সুসংগঠিতভাবে সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আহ্বান জানান অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, ‘যৌথভাবে কাজ করলে উন্নয়ন বরাদ্দের জটিলতা দূর হয়। প্রয়োজনে একই ডিও লেটারে আমরা পাঁচজন সংসদ সদস্যই স্বাক্ষর করব। এতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে।’
চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নের নেপথ্যে যারা কারিগর, তাদের আমরা আজ এক করেছি। সবার পরামর্শ নিয়ে ব্যবসা খাতকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিবি পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, পাঁচ সংসদ সদস্যের মধ্যে কোনো কোন্দল না থাকা নারায়ণগঞ্জের জন্য শুভ লক্ষণ। তিনি নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জেলা থেকে একজন মন্ত্রী নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানান।
অনুষ্ঠানে বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও আহমেদুর রহমান তনুসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন