নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে ৩ মাদক কারবারিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৬৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলা সদরের সাহেবগঞ্জ পালপাড়া এলাকায় শ্রী কালিচরণ চন্দ্র পালের (৭৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার ঘর থেকে ৬৪০ গ্রাম গাঁজাসহ কালিচরণ এবং তার দুই ছেলে বিদ্যুৎ পাল (৪০) ও জীবন পালকে (৩২) গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তার ওই বাবা ও ছেলেরা মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে আদালতের পরোয়ানা অনুযায়ী শুক্রবার (৭ আগস্ট) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন - পারকাসুন্দা গ্রামের শহিদুল ইসলাম, কাসুন্দা গ্রামের মনির উদ্দীন, নবাবের তাম্বু গ্রামের ছামছুর রহমান, বান্দাইখাড়া গ্রামের কামরুল হাসান ও শিমুলিয়া গ্রামের মনোয়ারা বিবি।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ৮ জনকেই শনিবার (৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন