দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।
অনুষ্ঠানে জানানো হয়, এই পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় উত্তরবঙ্গের জেলাগুলোতে কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়ন করা হবে। মূলত কৃষিপণ্যের ‘এগ্রি ভ্যালু চেইন’ (Agri Value Chain) বা কৃষি মূল্য সংযোজন ব্যবস্থা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে স্থানীয় উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) একেএম সাইদুজ্জামান।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এসএমই ও কৃষি বিভাগের প্রধান শরীফ হাসান মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ বলেন, উত্তরবঙ্গের কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই পুনঃঅর্থায়ন তহবিল সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে বড় ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি স্তরে অর্থায়নের মাধ্যমে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটবে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার মতামত লিখুন