জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষিবিদ জিয়াউল হক জিয়া (৭৫) কারাবন্দী অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জিয়াউল হক জিয়া দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগেরও উপদেষ্টা ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে বন্দী ছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জিয়াউল হক জিয়া ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত মঙ্গলবার দুপুরের খাবারের পর তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত তার চিকিৎসা চলে। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জিয়াউল হক জিয়া দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগার থেকে প্রথমে জামালপুর ও পরে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
নিহত জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন, ‘আমি নিজেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছি। আমার বোন বাবার পাশে ছিল। তবে তিনি বর্তমানে শোকাহত থাকায় এ বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছেন না।’
আপনার মতামত লিখুন