ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগদান নিয়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার জেরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বর্তমান সংসদ সদস্য ও গত নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ও বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে পৃথকভাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আসনের ১১-দলীয় জোটের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। হামলার জন্য তিনি বিএনপির পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকদের দায়ী করেন।
মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, ‘আমরা অতীতে একসাথে আন্দোলন-সংগ্রাম করেছিলাম। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর আমরা একটি শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত হিংসার কারণে পরিবেশ নষ্ট করা হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনেও মোতাহার হোসেন তালুকদার বাধা দিচ্ছেন। তার হুমকি-ধমকি থেকে এলাকাবাসীকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্য।
অন্যদিকে, একই স্থানে বিকেলে সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি সংসদ সদস্যের সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সংসদ সদস্যের ওপর হামলার কোনো ঘটনাই ঘটেনি। রাজনৈতিকভাবে আমাকে কোণঠাসা করতে তিনি পরিকল্পিতভাবে এই অভিযোগ করছেন।’
এক কর্মীর রক্তাক্ত হওয়ার প্রসঙ্গে মোতাহার হোসেন দাবি করেন, ‘ইচ্ছাকৃতভাবে ভিন্ন উদ্দেশ্যে মুরগির রক্ত জামায় মাখিয়ে একটি নাটক করা হয়েছে। প্রকৃতপক্ষে সেখানে কাউকে জখম করার মতো কোনো ঘটনাই ঘটেনি।’
নির্বাচন প্রসঙ্গে মোতাহার হোসেন বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে তাকে গত নির্বাচনে পরাজিত করা হয়েছে, যা নিয়ে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন।
তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার উন্নয়নে আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। এতে সংসদ সদস্য রহস্যজনক কারণে নিজেই হিংসামূলক আচরণ করছেন এবং আমাদের মধ্যে দূরত্ব তৈরি করে রেখেছেন।’
সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রাখেন, ‘আমাকে কেন টার্গেট করা হচ্ছে? আমি কি তবে রাজনীতি বা এলাকা ছেড়ে দেব?’
উভয় সংবাদ সম্মেলনেই নিজ নিজ এলাকার বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন