বাঙালির চিরায়ত সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যকে ধারণ করার মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উৎসব-১৪৩৩।
স্থানীয় আইফা মাঠে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’ ও ‘খুনজুড়ি শিল্প একাডেমি’। বর্ণিল এই আয়োজনে কবিতা পাঠ, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার মাধ্যমে মেতেছিলেন স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী ‘পান্তা ভোজন’-এর মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। তবে সরকারি বিধিনিষেধের প্রতি সম্মান জানিয়ে খাবারের মেন্যুতে ইলিশের পরিবর্তে রাখা হয়েছিল রুই মাছ ও হরেক পদের দেশীয় ভর্তা। খাবারের এই বিশেষত্বে বাঙালির চিরায়ত খাদ্যাভ্যাস ফুটে ওঠে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের আঁকা ছবির চিত্র প্রদর্শনী। খুনজুড়ি শিল্প একাডেমির শিক্ষার্থীদের তুলিতে ফুটে ওঠা বাংলার প্রাকৃতিক দৃশ্য ও গ্রামীণ জীবন আগত দর্শনার্থীদের মুগ্ধ করে। এরপর শুরু হয় বড় ও ছোটদের অংশগ্রহণে বৈশাখের কবিতা পাঠ। কবি দন্ত্যন ইসলাম অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান। সাংস্কৃতিক পর্বে শিশুদের মনোমুগ্ধকর নাচ ও গান পরিবেশিত হয়।
বিকেলের পর্বে আইফা মাঠ মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী সব গ্রামীণ খেলায়। পুরুষদের জন্য ছিল হাঁড়ি ভাঙা ও কাছি টানা প্রতিযোগিতা। নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ‘চেয়ার বদল’ ও ‘হাঁড়ি ভাঙা’ খেলায়। এ ছাড়া শিশুদের জন্য ছিল ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে খুনজুড়ি একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষার্থী’ পুরস্কার এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফরিদগঞ্জ লেখক ফোরামের সভাপতি ফরিদ আহমেদ মুন্নার সভাপতিত্বে পুরো আয়োজনটি উপস্থাপনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, টুটুল পাটওয়ারী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং জাতীয় ঐতিহ্যের ধারক। ঐতিহাসিকভাবে হালখাতা উৎসব থেকে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি বাঙালির প্রধান অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কে এম নজরুল ইসলাম, পাভেল আল ইমরান, সাধারণ সম্পাদক তারেকুর রহমান তারু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ ও দপ্তর সম্পাদক টিটু হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন