চারিদিকে ঘন বন। আকাশচুম্বী শাল-গজারির বৃক্ষ। বনের মাঝখানে দোখলা মাঠের খোলা প্রান্তরে সারি সারি নীল রঙের তাঁবু। নীল প্যান্ট আর আকাশী শার্টের কিশোর-তরুণদের পদচারণে মুখর পুরো এলাকা। কেউ রান্নায় ব্যস্ত, কেউবা জল সংগ্রহের কাজে। গলায় সবুজ স্কার্ফ আর শরীরে প্যাঁচানো ব্যাচ দেখে বোঝা যায়, শুরু হয়েছে স্কাউটদের মিলনমেলা।
টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা মাঠে শুরু হয়েছে দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনায় চার দিনব্যাপী এই ক্যাম্পে ১৪টি জেলার বাছাই করা প্রায় ৭০০ স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই রোমাঞ্চকর ক্যাম্প চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।
গত শুক্রবার ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাউটের আঞ্চলিক কমিশনার ড. সাধন কুমার বিশ্বাস, আঞ্চলিক সম্পাদক আতাউর রহমান, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও ক্যাম্প সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
স্কাউটদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশের পাশাপাশি প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল শেখানোই এই ক্যাম্পের মূল লক্ষ্য। আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয়ের স্কাউট গৌরী দাস মৌমিতা বলে, ‘এখানে আমরা প্লাস্টিক দূষণ রোধ থেকে শুরু করে প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার শিক্ষা পাচ্ছি। দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে।’ ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের রোভার স্কাউট আয়শা আক্তার বলেন, ‘শহর আর গ্রামের পরিবেশের পার্থক্য এবং নিজের কাজ নিজে করার আনন্দ এখান থেকেই শিখছি।’
অভিভাবকেরাও সন্তানদের এই অংশগ্রহণে খুশি। টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসা মঞ্জুরা বেগম বলেন, তার মেয়ে এই ক্যাম্প থেকে নতুন অভিজ্ঞতা অর্জন করছে, যা তার মেধা বিকাশে বড় ভূমিকা রাখবে।
বাংলাদেশ স্কাউটস মধুপুর শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জিং ও সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। মধুপুর উপজেলা স্কাউট কমিশনার তারেকুল ইসলাম বলেন, ‘আঞ্চলিক পর্যায়ে এই প্রথম এমন অ্যাডভেঞ্চার ক্যাম্প আয়োজন করা হলো। এতে তরুণদের মধ্যে দলগত কাজ ও উপস্থিত বুদ্ধি ব্যবহারের প্রবণতা বাড়বে।’
স্বাগতিক মধুপুর উপজেলার চারটি দলসহ ঢাকা অঞ্চলের প্রতিটি জেলা থেকে একটি করে স্কাউট দল এই বিশেষ ক্যাম্পে অংশ নিচ্ছে। প্রতিটি দলে আটজন করে স্কাউট ও একজন করে ইউনিট লিডার রয়েছেন।
আপনার মতামত লিখুন