ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ঘোষিত ৩৬ প্রার্থীর মধ্যে মাগুরার দুই কৃতি সন্তানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। মনোনয়ন পাওয়া দুজন হলেন নেওয়াজ হালিমা আর্লি ও নিপুন রায় চৌধুরী।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এই তালিকা প্রকাশ করেন। তালিকায় ৫ নম্বর ক্রমিকে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের নেওয়াজ হালিমা আর্লি।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এবং এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে, তালিকার ১১ নম্বর ক্রমিকে রয়েছেন নিপুন রায় চৌধুরী। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবেড়িয়া গ্রামের বাসিন্দা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা।
বৈবাহিক সূত্রে ঢাকার বাসিন্দা নিপুন রায় বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকার জন্য তিনি একাধিকবার কারাবরণ করেছেন।
মাগুরার দুই কন্যার এই মনোনয়নে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। খবরটি প্রচার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার বন্যা বয়ে যাচ্ছে।
শালিখা উপজেলার শহীদুজ্জামান চাঁদ ও মোহাম্মদপুরের সংগীতশিল্পী এমেলিয়া জামান সেতুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মনোনয়নে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা আশা করছেন, জাতীয় রাজনীতিতে মাগুরার প্রতিনিধিত্বকারী এই দুই নেত্রী জেলার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং পিছিয়ে থাকা মাগুরার ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হবেন।
আপনার মতামত লিখুন