অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুষ্টিয়ায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহরের ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদে এই পুণ্যস্নান সম্পন্ন হয়। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েক’শ পুণ্যার্থী অংশ নেন।
সকাল সাড়ে ছয়টার দিকে শহরের বড়বাজার সর্বজনীন পূজা মন্দির চত্বরে পুণ্যার্থীরা সমবেত হতে শুরু করেন। পরে সেখান থেকে সমবেত ভক্তরা কীর্তন গেয়ে গেয়ে গড়াই নদের ঘোড়াইঘাট এলাকায় যান। সেখানে প্রার্থনা সভার মাধ্যমে স্নান কার্যক্রম শুরু হয়। প্রার্থনা পরিচালনা করেন অধ্যাপক দিবাকর গোস্বামী।
পুণ্যস্নানে আসা ভক্তরা নিজ নিজ পরিবারের সুখ-শান্তি কামনার পাশাপাশি দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা করেন। শত শত নারী-পুরুষের উপস্থিতিতে গড়াই তীরের পরিবেশ হয়ে ওঠে মুখর।
দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করে অধ্যাপক দিবাকর গোস্বামী বলেন, ‘অক্ষয় তৃতীয়া তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন। এ ছাড়া দিনটি সিদ্ধিদাতা গণেশেরও জন্মতিথি। মহর্ষি বেদব্যাস এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন এবং এই তিথিতেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।’
তিনি আরও জানান, এই পুণ্য তিথিতে ব্যবসা-বাণিজ্য বা যেকোনো শুভ কাজ শুরু করলে তা অক্ষয় বা চিরস্থায়ী হয় বলে বিশ্বাস করা হয়। এ কারণেই হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি বিশেষ মহিমায় উদ্যাপিত হয়।
আপনার মতামত লিখুন