বগুড়ার ধুনটে মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে এক ব্যক্তি আধাপাকা ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই গ্রামের শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে ১০-১২টি পরিবার এখন পুরোপুরি অবরুদ্ধ।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের ভেতর দিয়ে চলাচলের জন্য আট ফুট প্রশস্ত একটি সরকারি রাস্তা ছিল। গ্রামের অধিকাংশ মানুষ এই পথটি ব্যবহার করতেন। কিন্তু সম্প্রতি স্থানীয় মেহেরুল ইসলাম নামের এক ব্যক্তি সেই রাস্তার জায়গা দখল করে আধাপাকা ঘর নির্মাণ করেছেন।
ভুক্তভোগী হাফিজুর রহমান বলেন, ‘রাস্তাটি বন্ধ করে দেওয়ায় আমরা পরিবার নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছি।’ স্থানীয় দুগ্ধ খামারি সম্রাট মিয়া জানান, রাস্তা দখলের কারণে তার খামারের পণ্য আনা-নেওয়া করা অসম্ভব হয়ে পড়েছে, এতে তিনি লোকসানের মুখে পড়েছেন।
গ্রামবাসী অভিযোগ করেন, ঘর নির্মাণের সময় তারা বাধা দিতে চেয়েছিলেন। কিন্তু মেহেরুল ইসলাম কৌশলে তার পরিবারের কয়েকজন নারীকে সেখানে মোতায়েন করেন। ওই নারীরা গ্রামাসীকে মিথ্যা নারী নির্যাতন মামলার ভয় দেখালে সম্মানের ভয়ে তারা পিছিয়ে আসেন।
আমিনুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, কৃষিপণ্য বাজারে নিতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে সরকারি রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করেছেন মেহেরুল ইসলাম। তার দাবি, তিনি নিজের পৈতৃক সম্পত্তির ওপরই ঘর নির্মাণ করেছেন।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, সরকারি রাস্তা দখলের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন