ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলামকে (সাজ্জাদ) একটি ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদুল ইসলাম মহেশপুরের এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে মামলার বাদী নাটিমা ইউনিয়নের সাবেক এক নারী সদস্য (ইউপি সদস্য)। আজ বেলা ১১টার দিকে তিনি মহেশপুর থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটের পাশের একটি বাড়িতে গিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন সাজ্জাদুল ইসলাম। ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেলেও লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে যাননি। আজ সকালে তিনি থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এক নারীর করা ধর্ষণচেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন