জুলাই আন্দোলনের শহীদদের হত্যার বিচার দাবি না করে যারা এখন সরকার পতনের মিছিল করছেন, তাদের কর্মকাণ্ড জনগণ ভালোভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (৯ মে) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নির্বাচন-পরবর্তী এই সভার আয়োজন করে।
সংসদ সদস্য খোকন তালুকদার বলেন, ‘আমরা দেখছি জুলাই আন্দোলন নিয়ে রাজপথে মিছিল হচ্ছে। কেউ কেউ বলছেন এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, টেনেহিঁচড়ে নামানো হবে। আপনাদের উচিত ছিল এই সরকারের কাছে আবু সাঈদ, মুগ্ধসহ গত ১৭ বছরে যারা শহীদ হয়েছেন, তাদের খুনিদের ফাঁসির দাবিতে মিছিল করা। সেই মিছিল না করে আপনারা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল করছেন। জনগণ এগুলো ভালোভাবে নিচ্ছে না।’
বিএনপি জুলাই আন্দোলনের চেতনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদের বাস্তবায়ন চাই এবং বিএনপি তা করবে। তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট চেয়েছেন, সারা দেশের বিএনপির নেতাকর্মীরাও ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। আমরা অবশ্যই জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব।’
পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে যুবদল নেতা শামীম মোল্লা, মামুন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার এবং সদস্যসচিব সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন