মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি ও কৃষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে টিপটিপ বৃষ্টির সময় কুচাই এলাকার একটি খোলা মাঠে গবাদিপশুর একটি পাল ঘাস খাচ্ছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৩টি গরু ও একটি মহিষ মারা যায়। মারা যাওয়া পশুগুলো ছিল স্থানীয় ক্ষুদ্র কৃষক ও খামারিদের জীবিকার প্রধান অবলম্বন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। যাদের গরু মারা গেছে, তারা সবাই অত্যন্ত দরিদ্র। এই পশুগুলোই ছিল তাদের আয়ের উৎস।’
খবর পেয়ে স্থানীয় লোকজন মাঠে ছুটে যান। সেখানে একসঙ্গে এতগুলো গবাদিপশুর মৃত্যু দেখে হতবাক হয়ে পড়েন সবাই। অনেক মালিককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা বলেন, কয়েক সেকেন্ডের এই প্রাকৃতিক দুর্যোগ তাদের বহু বছরের পরিশ্রম ও স্বপ্ন শেষ করে দিয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠ বা হাওরে অবস্থান না করার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
আপনার মতামত লিখুন