রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। গত বুধবার গভীর রাতে কোতোয়ালি থানার ভেতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিদের বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ক্লোজ হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন-থানার ডিউটি অফিসার মেহেরুন নেছা, এসআই মাসুদ রানা, নারী কনস্টেবল লীমা সরেন ও কনস্টেবল বাসুদেব। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তরা বর্তমানে নজরদারিতে রয়েছেন।
ঘটনার প্রতিবাদে আজ দুপুরে মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সেখানে বক্তারা অভিযোগ করেন, ওসির নেতৃত্বে রাকিবকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। অবিলম্বে ওসিসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া ইসলাম জিম ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বক্তব্য দেন।
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নরেশ চন্দ্র চাকমাকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন-উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোশারফ হোসেন ও সহকারী কমিশনার (সার্কেল) সুকুমার রায়।
নির্যাতনের শিকার রাকিব বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, বুধবার রাতে এক প্রেমিক যুগলকে ধরে থানায় এনে মারধর করছিল পুলিশ। তিনি এর প্রতিবাদ করলে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা তার ওপর চড়াও হন। তাকে ডিউটি অফিসারের কক্ষেই কিল-ঘুষি ও লাথি মারা হয় এবং পরে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। একপর্যায়ে তিনি সংজ্ঞা হারিয়ে মেঝেতে পড়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামুসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় গিয়ে রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান মারধরের কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, থানায় কোনো নির্যাতন করা হয়নি, কেবল দুই পক্ষের বাদানুবাদ থামানোর চেষ্টা করা হয়েছিল। তবে ভিকটিমের শরীরের জখম ও রক্তাক্ত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
আপনার মতামত লিখুন